Monday, July 27, 2026

ভৈরবে বাজারের নাম নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত


ছবিঃ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ অবশেষে রূপ নিয়েছে ভয়াবহ সংঘর্ষে। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের জেরে রেললাইন অবরোধ হওয়ায় দুইটি আন্তঃনগর ট্রেনও প্রায় দুই ঘণ্টা আটকা পড়ে, ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত একটি বাজারের নামকরণ নিয়ে কয়েক বছর ধরেই দুই গ্রামের মধ্যে মতবিরোধ চলছিল। অতীতে সালিসের মাধ্যমে বাজারটির নাম ‘আকবরনগর-মিরারচর’ রাখার সিদ্ধান্ত হলেও সম্প্রতি আকবরনগর গ্রামের বাসিন্দারা শুধুমাত্র ‘আকবরনগর’ নামে বাজারটির পরিচিতি দাবি করেন। অন্যদিকে, মিরারচর গ্রামের মানুষ আগের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে অবস্থান নেন।

এ বিরোধকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুই গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে সেই উত্তেজনা সহিংস রূপ নেয়। দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সংঘর্ষে গুরুতর আহত হন মাসুদ মিয়া। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ গ্রামবাসী রেললাইন অবরোধ করলে ভৈরব রেলস্টেশনে ঢাকা-কিশোরগঞ্জগামী এগারসিন্ধু এক্সপ্রেস এবং কুলিয়ারচর স্টেশনে ময়মনসিংহ-চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা আটকে থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুপুর পর্যন্ত বিচ্ছিন্নভাবে উত্তেজনা অব্যাহত থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় প্রশাসন উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বিরোধের স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন