Monday, July 6, 2026

ভরিতে কমল ৩,২৬৬ টাকা, স্বর্ণের নতুন দাম ঘোষণা বাজুসের


ছবিঃ সোনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংগঠনটি জানিয়েছে, নতুন মূল্যতালিকা একই দিন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে গত ৩ জুলাই বাজুস প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই দাম থেকে আবারও উল্লেখযোগ্য পরিমাণ কমানো হলো।

চলতি বছরে স্বর্ণের বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফা দাম বৃদ্ধি, ৪৩ দফা দাম হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তন এবং স্থানীয় কাঁচা স্বর্ণের মূল্য ওঠানামার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম ঘন ঘন সমন্বয় করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন