Monday, July 6, 2026

বন্ধ ৪৪ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ আহ্বান, পুনরুজ্জীবনে সরকারের নতুন উদ্যোগ


প্রতীকী ছবিঃ বাংলাদেশের লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দীর্ঘদিন ধরে বন্ধ কিংবা লোকসানে থাকা ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরিয়ে আনতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার), দীর্ঘমেয়াদি ইজারা এবং প্রয়োজনে সরাসরি বিক্রিসহ একাধিক বিনিয়োগ মডেল বিবেচনায় রাখা হয়েছে।

এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তথ্য, সম্পদের বিবরণ, অবকাঠামোগত সক্ষমতা এবং বিনিয়োগ সম্ভাবনা প্রকাশ করেছে। একই সঙ্গে সচল প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি শিল্পায়নের আওতায় আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিডার কর্মকর্তারা জানান, অধিকাংশ শিল্প ইউনিটে আগে থেকেই প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। ফলে নতুন করে জমি অধিগ্রহণ বা প্রাথমিক অবকাঠামো নির্মাণের প্রয়োজন হবে না। এতে বিনিয়োগকারীদের সময় ও ব্যয় কমবে, যা এসব প্রকল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

প্রকাশিত তালিকায় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি), বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিএসএফআইসি) এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন মোট ৪৪টি শিল্পপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে।

বিডার বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, কিছু প্রতিষ্ঠান পুনরায় চালুর পাশাপাশি কিছু প্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে নতুন শিল্প স্থাপনেরও বড় সুযোগ রয়েছে। উদাহরণ হিসেবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সীতাকুণ্ড কারখানার প্রায় ১০ একর অব্যবহৃত জমিতে পূর্ণাঙ্গ অটোমোবাইল উৎপাদন কারখানা, আধুনিক বডি ও পেইন্ট শপ এবং বৈদ্যুতিক যানবাহন (ইভি) অ্যাসেম্বলি লাইন স্থাপনের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে।

একইভাবে টঙ্গীতে অবস্থিত এটলাস বাংলাদেশ লিমিটেডের মোট জমির বড় একটি অংশ এখনো অব্যবহৃত রয়েছে। দ্রুত সম্প্রসারণশীল বৈদ্যুতিক মোটরসাইকেল ও টু-হুইলার বাজারকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতেও নতুন বিনিয়োগের সুযোগ দেখছে বিডা।

এ ছাড়া বগুড়ায় একটি আধুনিক পরিবেশবান্ধব স্টিল মিল স্থাপনের প্রস্তাবও বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, দেশে স্টিল রডের উচ্চ চাহিদা এবং উল্লেখযোগ্য আমদানি নির্ভরতার কারণে এ ধরনের প্রকল্প বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডা জানিয়েছে, এসব শিল্পপ্রতিষ্ঠানের অধীনে ১০ হাজার একরেরও বেশি কৌশলগত শিল্পভূমি রয়েছে। ইস্পাত, প্রকৌশল, রাসায়নিক, টেক্সটাইল, পাট, চিনি ও খাদ্যশিল্পসহ বিভিন্ন খাতে বিদ্যমান অবকাঠামোকে কাজে লাগিয়ে আধুনিকায়ন, পুনঃউন্নয়ন, যৌথ উদ্যোগ, ইজারা বা কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কার্যকর বিনিয়োগ নিশ্চিত করা গেলে দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকা এসব শিল্পপ্রতিষ্ঠান আবারও উৎপাদনে ফিরতে পারে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্প উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনাও তৈরি হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন