Monday, July 6, 2026

আইনমন্ত্রীকে সভাপতি করে সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন


ফাইল ছবিঃ আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি আরও জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির কাঠামো পুনর্গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামানকে।

রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যক্রম পরিচালনার পদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

এ ছাড়া কমিটি পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর আওতাভুক্ত বিষয়গুলো পর্যালোচনা করবে। সরকারি ক্রয়ের বিভিন্ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করাও কমিটির অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভবিষ্যতে যে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করবে, সেগুলোও এই কমিটি বাস্তবায়ন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ক্রয়প্রক্রিয়ায় নীতিগত সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকারিতা বাড়াতে পুনর্গঠিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন