Friday, June 12, 2026

ভঙ্গুর অর্থনীতির ওপর চাপ বাড়াবে প্রস্তাবিত বাজেট: মুফতি মোহাম্মদ ফয়জুল করিম


ছবিঃ নগরীর সারদা হলে জেলা ও মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট 

প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তার মতে, বিপুল আকারের ঘাটতি নিয়ে প্রণীত এ বাজেট বাস্তবায়নে সরকারের ঋণনির্ভরতা বাড়বে, যার প্রভাব অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর নেতিবাচকভাবে পড়তে পারে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, প্রস্তাবিত বাজেটের আকার এবং ঘাটতির পরিমাণ বিবেচনায় সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে বড় অঙ্কের ঋণ সংগ্রহ করতে হতে পারে। এতে ব্যাংকিং খাতের ওপর চাপ বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সাম্প্রতিক সময়ে খুন, ধর্ষণ, অপহরণ ও ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বক্তব্যে তিনি সীমান্ত পরিস্থিতি, পুশইনের অভিযোগ এবং সীমান্ত হত্যা নিয়েও সরকারের কাছে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাঙ্গনে সংস্কৃতি চর্চা নিয়ে দলের অবস্থান তুলে ধরে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের নীতির সমালোচনা করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং ইসলামী আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন