- ১২ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি হাসান মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতার হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে।
পুলিশ জানায়, ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে সংগঠনটির নামে আয়োজিত মিছিল ও কর্মসূচিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে হাসান মুরাদকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, হাসান মুরাদ ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলাসহ হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, শুক্রবার রাতে নগরের খুলশী এলাকা থেকে ছাত্রলীগ নেতা হাসান মুরাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।