- ১২ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামীকে তালাক দেওয়ার জেরে এক নারীর বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার নিজামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজামকান্দি গ্রামের আহাদ আলী মোল্যার মেয়ে ইয়াসমিন খানমের (২৪) সঙ্গে একই গ্রামের লাভলু মোল্যার ছেলে লাল্টু মোল্যার (২৮) প্রায় আট বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে ইয়াসমিনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় দেড় মাস আগে স্বামীকে তালাক দেন ইয়াসমিন। এরপর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছেন।
পরিবারের অভিযোগ, তালাকের পর থেকেই লাল্টু ইয়াসমিন ও তার স্বজনদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে তাকে ইয়াসমিনের বাবার বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তিনি বাড়ির উঠানে রাখা খড়ির পালায় আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভান। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও খড়ির পালাটি পুড়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, এর প্রায় ১৫ দিন আগেও লাল্টু তাদের বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সে সময় রাস্তায় লোকজনের উপস্থিতি থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি।
ইয়াসমিনের বড় ভাই সৌদিপ্রবাসী তারিকুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই তার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এসব কারণে বাধ্য হয়ে প্রায় দেড় মাস আগে ইয়াসমিন স্বামীকে তালাক দেন। এরপর থেকেই লাল্টু তাদের পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ বাড়ির উঠানে রাখা খড়ির পালায় আগুন দেওয়ার ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন লাল্টু মোল্যা। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং অহেতুক তাকে দায়ী করা হচ্ছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।