- ১২ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোকাররম (৩৫) ও শাহ আলম (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সূতারপাড়া ইউনিয়নের চং নোয়াগাঁও এলাকার তেরকোনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকাররম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। শাহ আলম একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাড়ির পাশের তেরকোনা হাওড়ে মাছ ধরতে যান মোকাররম ও শাহ আলম। সকাল ৬টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বজ্রপাতের শিকার হন। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ভোরে হাওড়ে মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ বৈরী আবহাওয়ার মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে একই গ্রামের দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।