Saturday, September 12, 2026

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের মরদেহ উদ্ধার


ছবিঃ শীতলক্ষ্যায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নরসিংদী

নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোর।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরলাখপুর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন চরলাখপুর এলাকার মজিবুর শেখের মেয়ের জামাই ওবাইদুল্লাহ (৩৫), তার শ্যালিকা শান্তা (২২) এবং স্থানীয় কিশোর সৌরভ (১৫)। নিখোঁজ রয়েছেন মজিবুর শেখের নাতি শান্ত (১৭)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওবাইদুল্লাহ স্ত্রী শাহিনুর ও সন্তানকে নিয়ে শিবপুরের চরলাখপুরে শ্বশুর মজিবুর শেখের বাড়িতে বেড়াতে এসেছিলেন। একই সময়ে মজিবুর শেখের অন্য দুই মেয়ে শাহিদা ও শান্তাও সন্তানদের নিয়ে সেখানে আসেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন শান্তা। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে নদীতে নামেন তার ভগ্নিপতি ওবাইদুল্লাহ ও শান্ত। তারাও স্রোতের মধ্যে নিখোঁজ হয়ে যান।

পরে নিখোঁজদের উদ্ধারে স্থানীয় কয়েকজন নদীতে নামেন। এ সময় সৌরভও পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে শিবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় ওই দিন কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নতুন করে উদ্ধার অভিযান শুরু করে। পরে প্রথমে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ওবাইদুল্লাহ ও শান্তার মরদেহও নদী থেকে তুলে আনা হয়।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন হাওলাদার বলেন, মজিবুর শেখের বাড়িতে মেয়ের জামাইসহ কয়েকজন স্বজন বেড়াতে এসেছিলেন। শুক্রবার দুপুরের পর নদীতে গোসল করতে গিয়ে প্রথমে শান্তা নিখোঁজ হন। পরে তাকে উদ্ধারে গিয়ে আরও কয়েকজন পানিতে তলিয়ে যান। সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান বলেন, শুক্রবার চারজন নদীতে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান। তবে রাত হওয়ায় অভিযান স্থগিত করতে হয়। শনিবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে পুনরায় অভিযান শুরু করলে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন