- ১১ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিসিএস পরীক্ষার দীর্ঘ ও প্রতিযোগিতামূলক পথ অতিক্রম করে সাফল্য অর্জনকারীদের অভিজ্ঞতা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে এ আয়োজন করা হয়।
১১ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক ছাত্রদলের হলের উদ্যোগে এ সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. এম হাম্মাদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঞ্জুর খান।
সেমিনারে বিসিএসসহ সরকারি চাকরির প্রস্তুতির বিভিন্ন দিক, প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, অধ্যবসায় এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সফল বিসিএস ক্যাডারদের অভিজ্ঞতা ও বাস্তব জীবনের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরার মাধ্যমে তাঁদের ক্যারিয়ার পরিকল্পনায় উৎসাহিত করা হয়।
আয়োজকেরা বলেন, বিসিএস শুধু একটি চাকরি পাওয়ার প্রতিযোগিতা নয়; এর সঙ্গে মেধা, অধ্যবসায়, আত্মনিয়োগ এবং দেশসেবার প্রত্যয় জড়িত। সঠিক পরিকল্পনা, নিয়মিত অধ্যয়ন ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিসিএস প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে সফলদের অভিজ্ঞতা থেকে বাস্তবভিত্তিক ধারণা লাভের সুযোগ পান। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।