Friday, September 11, 2026

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৭৬


প্রতীকী ছবিঃ হাতকড়া (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৩৯টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। তেজগাঁও বিভাগ থেকে ৭০ জন, মতিঝিল থেকে ৬৯ জন, ওয়ারী থেকে ৬২ জন, গুলশান ও উত্তরা বিভাগ থেকে ৪৮ জন করে, লালবাগ থেকে ২৯ জন এবং রমনা বিভাগ থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩টি ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন।

এ ছাড়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশের অভিযানে আরও উদ্ধার করা হয়েছে সাতটি মুঠোফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাসলাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট এবং নগদ ৮ হাজার ৪০০ টাকা।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন