Saturday, September 12, 2026

জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আওয়ামী লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খান


ছবিঃ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাশেদ খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঝিনাইদহ

জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগের কারণেই রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়ার পর সচেতনতামূলক র‍্যালিতে যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মিছিল নিয়ে এসব মন্তব্য করেন রাশেদ খান।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের গোপন যোগাযোগ থাকতে পারে। সেই যোগাযোগের কারণেই নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিছিল করার সাহস দেখাচ্ছেন বলে তিনি মনে করেন।

রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একসঙ্গে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তার দাবি, এবারও জামায়াতের ভূমিকার কারণে আওয়ামী লীগ রাজপথে কর্মসূচি পালনের সাহস পাচ্ছে।

জামায়াত নেতাদের আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার বিষয়ে আপত্তি না থাকার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই—জামায়াত নেতাদের এমন বক্তব্য রয়েছে। তবে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির আন্দোলনের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিএনপি নেতৃত্ব দিয়েছে। এসব আন্দোলনে দলটির নেতাকর্মীদের অনেকে জীবন দিয়েছেন। এ কারণে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে বিএনপি।

তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে বিভাজন তৈরির অভিযোগ তোলেন রাশেদ খান। তার দাবি, এই দুই দল ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে।

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন