Monday, May 11, 2026

ভারতের অ্যান্টিট্রাস্ট তদন্তের মুখে ফ্রান্সের মদ কোম্পানি পারনো রিকর্ড


ছবিঃ ভারতের গুরুগ্রামে, ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে একটি বারে ছবি তোলার সুযোগে পার্নো রিকার্ডের বিভিন্ন ব্র্যান্ডের বোতল প্রদর্শন করা হচ্ছে। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রণ সংস্থা (সিসিআই) ফ্রান্সভিত্তিক মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান পারনো রিকর্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযোগ রয়েছে, কোম্পানিটি খুচরা বিক্রেতাদের সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে নিজেদের ব্র্যান্ডকে বাজারে অগ্রাধিকার দিয়ে প্রতিদ্বন্দ্বী পণ্যের বিক্রি ক্ষতিগ্রস্ত করেছে।

শুক্রবার প্রকাশিত এক নিয়ন্ত্রক আদেশে বলা হয়, ২০২৪ সাল থেকে অভিযোগগুলো পর্যালোচনায় ছিল। অভিযোগ অনুযায়ী, পারনো রিকর্ড দিল্লির খুচরা বিক্রেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে তাদের বাজার অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করেছে।

সংস্থাটির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, ২০২১ সালে কোম্পানিটি প্রায় ২ কোটি ৪০ লাখ ডলার মূল্যের কর্পোরেট গ্যারান্টি ব্যাংকগুলোকে প্রদান করে, যাতে শহরের খুচরা বিক্রেতারা ঋণ পেতে পারেন। এর বিনিময়ে দোকানগুলোতে নির্দিষ্ট পরিমাণ পণ্যের ৩৫ শতাংশ পারনো রিকর্ডের ব্র্যান্ড রাখার শর্ত ছিল বলে দাবি করা হয়েছে।

সিসিআই তাদের পর্যবেক্ষণে জানায়, এ ধরনের কার্যক্রম বাজারে প্রতিযোগিতা বিকৃত করতে পারে এবং ভোক্তাদের পছন্দ সীমিত করে দিতে পারে।

অভিযোগটি একজন ব্যক্তি মোহিত নামের পক্ষ থেকে আনা হয়, যিনি আগে জনস্বার্থ সংক্রান্ত মামলাও করেছেন। পারনো রিকর্ড এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়নি।

ভারত কোম্পানিটির সবচেয়ে বড় বাজারগুলোর একটি। চিভাস রিগাল ও অ্যাবসলুট ভদকার মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক এই প্রতিষ্ঠানটি ২০২৪–২৫ অর্থবছরে প্রায় ২৭৪ বিলিয়ন রুপি (প্রায় ৩ বিলিয়ন ডলার) বিক্রি করেছে।

এর আগে ২০২৪ সালে কোম্পানিটির দিল্লি অফিসে আরেকটি প্রতিযোগিতা সংক্রান্ত তদন্তে তল্লাশি চালানো হয়। পাশাপাশি কর সংক্রান্ত ২৫০ মিলিয়ন ডলারের একটি দাবি এবং দিল্লির মদ নীতি লঙ্ঘনের অভিযোগেও কোম্পানিটি আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে।

সিসিআই জানিয়েছে, এখন তাদের তদন্ত বিভাগ বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করবে, যা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস সময় নিতে পারে।

আদেশে ২০২১ সালের একটি অভ্যন্তরীণ ইমেইলের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে কোম্পানির কর্মকর্তারা দিল্লির বিভিন্ন এলাকায় কৌশলগত সুবিধা অর্জন এবং লাইসেন্স নিলামে খুচরা বিক্রেতাদের সহায়তার বিষয়ে আলোচনা করেছিলেন।

নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, এ ধরনের কার্যক্রম প্রতিযোগিতা সীমিত করে ভোক্তাদের ক্ষতির কারণ হতে পারে। এখন তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেবে ভারতীয় কর্তৃপক্ষ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন