- ১৯ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সর্বজনীন পেনশন স্কিমে অংশ নেওয়া গ্রাহকদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টন করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ সময়ে বিনিয়োগ থেকে স্কিমভেদে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে। গ্রাহকদের প্রাপ্য মুনাফা ইতিমধ্যে তাঁদের নিজ নিজ পেনশন হিসাবে জমা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিনিয়োগ করা অর্থ থেকে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা এসেছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এই অর্থ গ্রাহকদের মধ্যে বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ এবং কত দিন অর্থ জমা ছিল, তা বিবেচনায় নিয়ে মুনাফার হিসাব করা হয়েছে। এরপর অর্জিত অর্থ সংশ্লিষ্ট গ্রাহকদের পেনশন বা করপাস হিসাবে যুক্ত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করা এবং গ্রাহকদের জমা অর্থের নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, মুনাফা বণ্টনের ফলে স্কিমের গ্রাহকেরা সরাসরি আর্থিকভাবে উপকৃত হবেন। পাশাপাশি এ উদ্যোগ সর্বজনীন পেনশন ব্যবস্থার কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, গ্রাহকদের প্রাপ্য মুনাফার অর্থ ইতিমধ্যে তাঁদের নিজ নিজ পেনশন হিসাবে জমা হয়েছে।