- ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে প্রতিবেশী এক বাড়ির গোয়ালঘরে রাখা খড়ের স্তূপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাইয়ান ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। সে স্থানীয় পশারিবুনীশস আফছারিয়া নূরানী কিণ্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক বিরোধের জেরে শিশুটির চাচা আব্দুল কাদের মল্লিক তাকে হত্যা করে মরদেহ খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার শিশুটি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। দীর্ঘ সময় ধরে তার সন্ধান না পেয়ে শিশুটির মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল অনুসন্ধান শুরু করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতের দিকে একটি গোয়ালঘরে তল্লাশি চালিয়ে খড়ের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত শিশুর পরিবার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ঘটনায় নিহতের মা তন্নী আক্তার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।