- ০৮ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
টানা কয়েক দিনের ভারি বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি বাস্তবে রূপ নিয়েছে। বুধবার (৮ জুলাই) নগর ও জেলার দুটি পৃথক স্থানে পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন এক নারী। প্রশাসন আবারও ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের বাগানবাড়ি এলাকার ৬ নম্বর সমাজে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে মাত্র ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম ওরফে তানভীর মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার মা লামিয়া আক্তারও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
নিহত শিশুটি ওই এলাকার বাসিন্দা মঈন উদ্দিনের ছেলে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক দিন ধরে চলমান ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করা হলেও অনেক পরিবার এখনও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত লামিয়া আক্তারের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অন্যদিকে, একই দিনে চট্টগ্রাম নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় আরেকটি পাহাড়ধসে প্রাণ হারায় ১৩ বছর বয়সী সামিয়া ইসলাম। দুপুরের দিকে পাহাড়ের মাটি ধসে পড়লে সে চাপা পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, পাহাড়ধসের পর উদ্ধার অভিযান পরিচালনা করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
টানা বর্ষণে চট্টগ্রাম ও আশপাশের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি আরও বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।