Wednesday, July 8, 2026

টানা বর্ষণে চট্টগ্রাম-পার্বত্যাঞ্চলে দুর্ভোগ: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের


ছবিঃ ভারি বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম 

টানা কয়েক দিনের ভারি বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়া এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই সঙ্গে তিনি দুর্গত মানুষের পাশে সমন্বিতভাবে দাঁড়ানোর জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী এবং তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (জনসংযোগ) মো. রেজুয়ান খান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী তরুণদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, খাদ্য, বস্ত্র ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সবাইকে ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

এদিকে, অস্বাভাবিক বৃষ্টিপাতে চট্টগ্রাম ও পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ার প্রভাবে চট্টগ্রামে বিমান ও ট্রেন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, টানা বৃষ্টির কারণে পাহাড়ধস ও আকস্মিক জলাবদ্ধতার ঝুঁকি থাকায় জননিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন