Thursday, October 22, 2026

ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলে আসতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা


প্রতীকী ছবিঃ অর্থ মন্ত্রণালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তাঁদের জন্য পৃথক গেজেট প্রকাশ করে নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নির্দিষ্ট সময়ে এ সুবিধা চালু করা সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারিতে তা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকরের সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা গেজেট প্রকাশ করা হয়েছিল। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে তখন প্রায় ছয় মাস সময় লেগেছিল। এবারও প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় প্রয়োজন হচ্ছে। তবে আগেরবারের মতো দীর্ঘসূত্রতা হবে না বলে আশা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, ডিসেম্বরের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের সুবিধা চালুর চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারিতে তা বাস্তবায়ন করা হতে পারে।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে দ্রুত নতুন বেতন কাঠামোর সুবিধা পান, সে বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। এ প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে, তবে তাঁরাও নবম পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন।

সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামোর আওতায় প্রায় ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫১৮ কোটি টাকা। অবশিষ্ট অর্থ প্রয়োজন হবে পেনশন খাতে।

নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতায় পরিবর্তন আসবে। তবে কবে থেকে তাঁরা নতুন কাঠামো অনুযায়ী বেতন হাতে পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন