- ২২ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত ৫১তম বিশেষ বিসিএসে আবেদনকারীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। তবে আবেদন করা প্রার্থীদের অনেকে এখনো নির্ধারিত ফি জমা না দেওয়ায় চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। আগামী ২৫ অক্টোবর এ বিসিএসে আবেদন করার সময় শেষ হচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চার হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।
পিএসসি গত ২৪ সেপ্টেম্বর তাদের ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী, ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীদের পিএসসির নির্ধারিত অনলাইন পোর্টাল bpsc.teletalk.com.bd-এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপ্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন করার পর নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
ছবির দৈর্ঘ্য ও প্রস্থ সর্বোচ্চ ৩০০ পিক্সেল হতে হবে। তিন মাসের বেশি পুরোনো নয়—এমন রঙিন ছবি ব্যবহার করতে হবে, যেখানে সানগ্লাস পরা থাকবে না। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে পারবে।
অন্যদিকে, স্বাক্ষরের দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ পিক্সেল এবং প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হতে হবে। স্বাক্ষরের ফাইলের আকার ৬০ কিলোবাইটের বেশি হওয়া যাবে না।
সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে ডেটা যাচাইয়ের চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আইটিসহ আরও পাঁচ টাকা দিতে হবে। সব মিলিয়ে মোট ফি ২০৫ টাকা।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সংশ্লিষ্ট চার্জসহ তাঁদের মোট ৫৫ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময় শেষ হওয়ার পর ফি জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় পাবেন প্রার্থীরা। ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে যাঁরা ইউজার আইডি পাবেন, তাঁরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
তবে ফি পরিশোধের আগে আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধন করার সুযোগ থাকলেও একবার ফি জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তন করা যাবে না। তাই আবেদন চূড়ান্ত করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।