Thursday, October 22, 2026

সাজেকে সড়ক অবরোধ ঘিরে উত্তেজনা, আইনশৃঙ্খলা বাহিনী-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি


ছবিঃ সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাঙামাটি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অনির্দিষ্টকালের সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাঘাইহাটের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে। একই সময়ে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। অবরোধকারীরা বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা দেন। এতে সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার উদ্যোগেও বিঘ্ন ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাজেক থেকে পর্যটকদের নিয়ে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসা গাড়িবহর বাঘাইহাটের উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা সেটি আটকে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ওসি বলেন, পরিস্থিতির একপর্যায়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। জবাবে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে কয়েক দফা গুলিবিনিময়ের পর সশস্ত্র সদস্যরা পিছু হটেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় যৌথবাহিনী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়। তবে পথে বাঘাইহাটের উজোবাজার এলাকায় অবরোধকারীরা গাড়িবহর আটকে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে, সাজেকের বিভিন্ন দুর্গম এলাকায় সশস্ত্র দুটি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় গোলাগুলির খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এসব ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অবরোধের পেছনে রয়েছে এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি। এসব দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়।

এর আগে গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল। পরে প্রশাসনের আশ্বাস এবং দুর্গাপূজা উপলক্ষে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে দাবি পূরণ হয়নি এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেন আয়োজকেরা।

উদ্ভূত পরিস্থিতিতে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকালের মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অবরোধ ও গোলাগুলির ঘটনার পর সাজেকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং সড়কে যান চলাচল পুনরায় চালু করা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন