- ২১ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনস গাড়িচাপায় গুরুতর আহত হওয়ার পর তাঁর দুই পা-ই অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে। সোমবার দেশটির মেলবোর্নের উত্তর-পূর্বাঞ্চলীয় ওয়াঙ্গারাটায় নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে এ হামলার ঘটনা ঘটে। বুধবার তাঁর স্বামী ফিল হেইনস এ তথ্য জানান। একই দিন অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজির হন।
ফিল হেইনস জানান, হামলাকারী গাড়ি দিয়ে হেলেনকে দুবার ধাক্কা দেন। এতে তাঁর বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে পা-টি কেটে ফেলেন। ডান পা বাঁচানোর জন্য চিকিৎসকেরা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
স্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে ফিল হেইনস বলেন, হেলেন বেঁচে আছেন এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। পরিবারের কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত ৪৩ বছর বয়সী ব্রেন্ডন নুজেন্টকে বুধবার আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা এবং একজন সরকারি কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া গাঁজা চাষ ও রাখার অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্তের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল ‘ইডিওপ্যাথিক ট্রান্সভার্স মাইলাইটিস’ নামের একটি বিরল স্নায়বিক রোগে আক্রান্ত। পাশাপাশি তিনি মাথায় আঘাত পাওয়ার পর সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন।
হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার ক্রিসি ব্যারেট জানিয়েছেন, হেলেন হেইনসের ওপর এ ধরনের হামলার আশঙ্কা সম্পর্কে আগে থেকে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল না।
২০১৯ সালে অস্ট্রেলিয়ার গ্রামীণ এলাকা ইন্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হেলেন হেইনস। এর আগে তিনি নার্সিং, ধাত্রীবিদ্যা ও শিক্ষাক্ষেত্রে কাজ করেছেন। ২০২২ ও ২০২৫ সালের নির্বাচনেও তিনি আসনটি ধরে রাখেন।
অস্ট্রেলিয়ায় রাজনীতিবিদদের ওপর এ ধরনের হামলা তুলনামূলক বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনলাইন হয়রানি ও হুমকি বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে।