- ১৬ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
সপ্তাহান্তের ছুটিকে কাজে লাগিয়ে ভারতীয় বক্স অফিসে আয় বেড়েছে একাধিক ছবির। নতুন মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমাগুলোর মধ্যে প্রতিযোগিতা চললেও দর্শক আগ্রহ ও আয়ের দিক থেকে এখনো এগিয়ে রয়েছে দক্ষিণি সুপারস্টার রামচরণ অভিনীত ‘পেড্ডি’। অন্যদিকে সীমিত বাজেটের হরর ছবি ‘হন্টেড থ্রি-ডি: ইকোজ অব দ্য পাস্ট’ প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়ে আলোচনায় এসেছে।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, সপ্তাহান্তে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক চমক দেখিয়েছে বিক্রম ভাট পরিচালিত ‘হন্টেড থ্রি-ডি’। মাত্র তিন দিনে ছবিটি ৯ কোটির বেশি রুপি আয় করে নির্মাতাদের আশাবাদী করে তুলেছে। রোববার একদিনেই ছবিটির আয় প্রায় ৩ কোটি ৬০ লাখ রুপি, যা একই সময়ে মুক্তি পাওয়া কয়েকটি আলোচিত বলিউড ছবির চেয়েও বেশি।
এদিকে দিলজিৎ দোসাঞ্জ অভিনীত রোমান্টিক ড্রামা ‘ম্যায় বাপাস আউঙ্গা’ ধীরে ধীরে গতি পাচ্ছে। মুক্তির তৃতীয় দিনে ছবিটির আয় বেড়ে দাঁড়িয়েছে আড়াই কোটি রুপিতে। তিন দিনে মোট আয় ৫ কোটি ৫০ লাখ রুপি হলেও প্রায় ৭০ কোটি রুপির বাজেটের তুলনায় ছবিটিকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
কঙ্গনা রনৌত অভিনীত ‘ভারত ভাগ্য বিধাতা’ও সপ্তাহান্তে কিছুটা সুবিধা পেয়েছে। ২৬/১১ মুম্বাই হামলার প্রেক্ষাপটে নির্মিত ছবিটি রোববার ১ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। তবে তিন দিনে মোট সংগ্রহ ৪ কোটি ২৫ লাখ রুপিতে পৌঁছালেও ছবিটির বাণিজ্যিক সাফল্য নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
একই দিনে মুক্তি পাওয়া মনোজ বাজপেয়ী অভিনীত ‘গভর্নর’ও দর্শকদের নজর কাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৯৯১ সালের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি রোববার ১ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে। তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ রুপি।
অন্যদিকে দক্ষিণি চলচ্চিত্র ‘পেড্ডি’ বক্স অফিসে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে। রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত স্পোর্টস ড্রামাটি মুক্তির ১১ দিনে ভারতের বাজার থেকে ২১৬ কোটির বেশি রুপি আয় করেছে। আন্তর্জাতিক বাজার মিলিয়ে ছবিটির মোট আয় ৩০০ কোটির ঘর অতিক্রম করেছে। যদিও বিশাল বাজেটের কারণে লাভের মুখ দেখতে ছবিটিকে আরও ভালো ব্যবসা করতে হবে।
চলতি সপ্তাহে বক্স অফিসের চিত্র বলছে, বড় বাজেটের তারকাবহুল ছবির পাশাপাশি তুলনামূলক কম বাজেটের গল্পনির্ভর সিনেমাও দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে ‘হন্টেড থ্রি-ডি’র সাফল্য সেই বার্তাই নতুন করে সামনে এনেছে।