- ০৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের স্টেডিয়াম ও খেলার মাঠে ভবিষ্যতে আর কোনো ধরনের বাণিজ্য মেলা বা অ-ক্রীড়া আয়োজনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক । তিনি বলেন, খেলার মাঠকে কেবল খেলাধুলার জন্য সংরক্ষণ করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে -এ জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, অতীতে বিভিন্ন সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে স্টেডিয়াম ও মাঠে মেলার অনুমতি দেওয়া হলেও বর্তমানে সেই প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। তার ভাষ্য, মাঠে মেলা আয়োজনের কারণে ক্রীড়া কার্যক্রম ব্যাহত হয় এবং মাঠের পরিবেশ নষ্ট হয়ে যায়।
তিনি বলেন, বর্তমানে দেশের ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চলমান রয়েছে। এর মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে এবং মাঠগুলো নিয়মিত ব্যবহৃত হচ্ছে। তাই খেলোয়াড়দের স্বার্থ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে মাঠগুলোকে ক্রীড়াবান্ধব রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খেলার মাঠে হকার পুনর্বাসনের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেসব মাঠ ক্রীড়া উপযোগী, সেখানে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। এ বিষয়ে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
সরকার দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, জেলা স্টেডিয়াম, স্পোর্টস কমপ্লেক্স ও সুইমিং কমপ্লেক্স সংস্কার এবং কার্যকর ব্যবস্থাপনার জন্য বড় পরিসরে উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।
তার মতে, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে গ্রাম, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু করার পরিকল্পনা রয়েছে।