- ০৭ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দায় স্বীকার করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। বৃহস্পতিবার সিডনির একটি আদালতে শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত এপ্রিলে সিডনিতে নির্ধারিত সীমার চেয়ে দ্বিগুণ মাত্রায় অ্যালকোহল গ্রহণের পর গাড়ি চালানোর অভিযোগ ওঠে এই সাবেক ওপেনারের বিরুদ্ধে। পুলিশ নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শ্বাস পরীক্ষা চালানোর সময় ওয়ার্নারের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে পরীক্ষা করা হয়। পরে পরীক্ষায় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।
অভিযোগের পর তাকে আটক করে থানায় নেওয়া হয়। তবে শুনানির দিনে আদালতে সশরীরে উপস্থিত ছিলেন না ওয়ার্নার।
ওয়ার্নারের আইনজীবী ববি হিল সাংবাদিকদের বলেন, তার মক্কেল নিজের ভুলের দায় স্বীকার করতে প্রস্তুত। তিনি বলেন, জীবনের কোনো না কোনো সময়ে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারে, তবে সেই ভুলের দায়িত্ব নেওয়াটাই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পেশা বা পরিচয় যাই হোক না কেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সবার জন্যই সমান ঝুঁকিপূর্ণ। নিজের সক্ষমতা ভুলভাবে মূল্যায়ন করলে যে কেউ এমন পরিস্থিতিতে পড়তে পারেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত ওয়ার্নার আনুষ্ঠানিকভাবে আদালতে আবেদন জমা দেননি। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে যুক্ত রয়েছেন ওয়ার্নার। তবে মাঠের বাইরের এই আইনি জটিলতা তার ক্যারিয়ারের শেষ সময়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।