Thursday, May 7, 2026

বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি


ছবিঃ উসমান দেম্বেলের গোলের পর পিএসজির উদযাপন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মিউনিখে অনুষ্ঠিত ফিরতি লেগে ১-১ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।

এর আগে প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগে গোলবন্যার ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছিল পিএসজি। সেই ফলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। তৃতীয় মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে খভিচা কাভারাটস্কেলিয়ার বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে পাঠান উসমান ডেম্বেলে। এই গোলের মাধ্যমে চলতি আসরে নিজের অষ্টম গোল করেন তিনি।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধে মাইকেল ওলিসে ও জামাল মুসিয়ালার সুযোগ তৈরি হলেও গোল আদায় করতে পারেনি জার্মান ক্লাবটি। পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে বায়ার্ন। তবে পিএসজির রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় স্বাগতিকদের। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আলফন্সো ডেভিসের পাস থেকে হ্যারি কেইন গোল করে সমতা ফেরালেও তা যথেষ্ট ছিল না।

শেষ বাঁশি বাজার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন পিএসজি ফুটবলাররা। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মঞ্চের ফাইনালে জায়গা করে নেওয়ায় ক্লাবটির সমর্থকদের মধ্যেও আনন্দের জোয়ার দেখা যায়।

আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থিত পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেখানে পিএসজির প্রতিপক্ষ হবে ২০ বছর পর ফাইনালে ওঠা ইংলিশ ক্লাব আর্সেনাল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন