- ১৫ অক্টোবর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। তবে এই হারের চেয়েও দলটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর লাল কার্ড। এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হওয়ায় পরবর্তী ম্যাচে তাঁকে পাচ্ছে না শেফিল্ড ইউনাইটেড।
পোর্টসমাউথের মাঠ ফ্রাটন পার্কে ম্যাচের ৩৩ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন হামজা। এর মাত্র ১০ মিনিট পর একই খেলোয়াড়ের সঙ্গে আরেকটি সংঘর্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় তাঁকে। ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের এই ফুটবলারকে।
হামজার প্রথম হলুদ কার্ড নিয়ে তেমন আপত্তি না থাকলেও দ্বিতীয় সিদ্ধান্তটি ঘিরে প্রশ্ন উঠেছে। ঘটনাটিতে কাভুমা বল নিয়ে হামজার পায়ের ফাঁক দিয়ে সামনে এগিয়ে যান। এরপর হামজার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি। ওই ঘটনাতেই দ্বিতীয়বার হলুদ কার্ড দেখানো হয় হামজাকে।
ম্যাচে একসময় দুই গোলে পিছিয়ে পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে সমতা ফেরায় দলটি। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ম্যাচের ৮৯ মিনিটে এবু অ্যাডামসের করা গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে পোর্টসমাউথ।
লাল কার্ডের কারণে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না হামজা। ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) নিয়ম অনুযায়ী, একই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয় সংশ্লিষ্ট খেলোয়াড়কে।
এদিকে হামজার বহিষ্কার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তাঁর দাবি, রেফারি প্রথমে হামজাকে জানিয়েছিলেন, তাঁকে মাঠ ছাড়তে হবে না। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে হামজাকে হারানো এবং শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয় দুই মিলিয়ে হতাশার দিন পার করেছে শেফিল্ড ইউনাইটেড। এখন ব্রিস্টল সিটির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশের এই মিডফিল্ডারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ ওয়াইল্ডারকে।