- ০৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের নামও প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ মে) সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. মুহাম্মদ হাফিজুর রহমান। প্রার্থী ঘোষণার পর তিনি বলেন, গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক অবস্থান নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও বক্তব্য তুলে ধরা হয়।
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।
এ ছাড়া গাজীপুর মহানগর জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
দলীয় সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার অংশ হিসেবেই এই প্রার্থী ঘোষণা করা হয়েছে।