Thursday, October 15, 2026

চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস


ছবিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

প্রায় এক মাস মালয়েশিয়ায় চিকিৎসা ও ফলোআপ শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তিনি এখন অনেকটাই সুস্থ।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়ায় যান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সেখানে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নেন তিনি।

এরও আগে দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন মির্জা আব্বাস। তবে পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শে আবারও মালয়েশিয়ায় যেতে হয় তাঁকে।

চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত অস্ত্রোপচার করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চলে।

দীর্ঘ চিকিৎসা ও একাধিকবার বিদেশযাত্রার পর মির্জা আব্বাসের দেশে ফেরাকে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন