Tuesday, September 8, 2026

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু, দেশে ফেরার পথেই থামল স্বজনদের অপেক্ষা


ছবিঃ সৌদি আরব থেকে আর দেশে ফেরা হলো না ৪ বাংলাদেশির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের সবাই সিলেট বিভাগের বাসিন্দা বলে জানা গেছে। দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দেশে ফেরার জন্য আগে থেকেই বিমানের টিকিট করেছিলেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নেন তারা। স্বজনদের সঙ্গে দেখা করার অপেক্ষায় প্রয়োজনীয় মালপত্র নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন।

কিন্তু দেশে ফেরার সেই যাত্রা আর শেষ করতে পারেননি তারা। বিমানবন্দরে পৌঁছানোর আগেই আল-খুরমা এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা চারজনই নিহত হন। নিহতদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন।

নিহত অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের একজন মৌলভীবাজার এবং অন্যজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা হতে পারেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। সৌদিতে নিহতদের সঙ্গে ওই দুই জেলার দুজন ব্যক্তি বসবাস করতেন বলে এ ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর দেশে থাকা স্বজনদের কাছে পৌঁছালে কানাইঘাটের লামার তালুক গ্রামে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘ প্রবাসজীবন শেষে প্রিয়জনদের কাছে ফেরার অপেক্ষায় থাকা দুই পরিবারের সেই প্রতীক্ষা শেষ হলো মর্মান্তিক এক খবরে।

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিকতার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন