- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে শুভ দাস (যুবক) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে চাষাঢ়া হকার্স মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেটের পাশের সড়কের মোড়ে এক ব্যক্তিকে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের বুকে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুভ দাসের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তার শরীরের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে শুভ দাসকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
সদর মডেল থানার এসআই কাজল জানান, ঘটনার পর প্রথমে নিহতের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।