- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন মনোয়ারা বেগম (৬০) ও তার স্বামী মফিজুল হক (৭৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল হক ঘরে থাকা ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এরপর মফিজুল হক ঘরের ফ্যানের সঙ্গে ঝোলানো হুকের সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মফিজুল হকের ছেলের বউ শাপলা বেগম জানান, দুপুরে একটি দাওয়াত শেষে বিকেলে বাড়িতে ফিরে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে তারা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় মনোয়ারা বেগমকে মৃত এবং মফিজুল হককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মফিজুল হক তার স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।