Tuesday, September 8, 2026

ভারতে পালানোর সময় আখাউড়া ইমিগ্রেশনে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার


ছবিঃ ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকার সাভারের আশুলিয়া থানায় দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে কাগজপত্র যাচাইয়ের সময় তাকে আটক করা হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া এলাকার আলী আহম্মদের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইদ্রিস আলী তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় নিয়মিত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে তার তথ্য ডাটাবেজে পরীক্ষা করা হলে একাধিক হত্যা মামলার বিষয়টি সামনে আসে। একই সঙ্গে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার তথ্যও পাওয়া যায়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা বোনের বিরুদ্ধে কোনো মামলা বা নিষেধাজ্ঞা না থাকায় তাকে ও তার সন্তানকে ছেড়ে দেওয়া হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বলেন, ভারতে যাওয়ার জন্য ইদ্রিস আলী সকালে ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। তার তথ্য যাচাই করে একাধিক হত্যা মামলার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় ইদ্রিস আলীর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা এবং অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগ রয়েছে। এ ছাড়া এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে আওয়ামী লীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল কি না এ বিষয়ে জানতে চাইলে ইদ্রিস আলী তা অস্বীকার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো ও অন্যান্য অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন