- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন যাত্রী ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এর দুই যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। হাসপাতালে নেওয়ার পথেই আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।