Saturday, July 25, 2026

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ


ছবিঃ তেহরানের প্যালেস্টাইন স্কয়ারে একটি ভবনে টাঙানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী একটি ব্যানার। (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরী ওই অঞ্চলে পাঠানোর পর নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ার মধ্যেই এই যোগাযোগ হলো।

মঙ্গলবার অনুষ্ঠিত ফোনালাপে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের হুমকির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এ ধরনের বক্তব্য ও পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে এবং এর ফল হিসেবে শুধু অস্থিরতাই বাড়বে। ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানায়, অর্থনৈতিক চাপ ও বহিরাগত হস্তক্ষেপসহ নানা শত্রুতামূলক উদ্যোগ ইরানি জনগণের মনোবল বা সচেতনতা দুর্বল করতে পারেনি।

অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংলাপকে স্বাগত জানান এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের প্রতি রিয়াদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্য জরুরি এবং ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা উত্তেজনা সৃষ্টির উদ্যোগ সৌদি আরব সমর্থন করে না। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, যুবরাজ স্পষ্ট করে জানিয়েছেন—ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। পাশাপাশি তিনি বিরোধ নিষ্পত্তিতে সংলাপভিত্তিক উদ্যোগের প্রতি সমর্থন জানান।

এই ফোনালাপ এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং অঞ্চলটিতে বড় আকারের নৌবহর মোতায়েনের কথা বলেছেন। এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, প্রতিবেশী দেশগুলো বন্ধু হলেও তাদের ভূমি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার হলে তা শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে তেহরান ও রিয়াদের এই যোগাযোগ আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা বন্ধ থাকায় পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন