Monday, November 23, 2026

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি রাশেদ খানের


ফাইল ছবিঃ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রাখার পাশাপাশি প্রয়োজনে সংবিধান সংশোধন করে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান। এ বিষয়ে আগামী সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের মধ্যে ঐকমত্য গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক সভাটির আয়োজন করে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এটিই উপযুক্ত সময়। সামনে সংসদের অধিবেশন বসবে। সেখানে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারি ও বিরোধী দল একমত হবে বলে তিনি আশা করেন।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ তোলেন তিনি। গোপালগঞ্জে হামলা ও হাসপাতালে ভাঙচুরের প্রসঙ্গ উল্লেখ করে রাশেদ খান দাবি করেন, বিএনপি সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করতে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের কথাও উল্লেখ করেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এখন সেই জনমতকে কাজে লাগিয়ে সংসদে বিল উত্থাপনের মাধ্যমে দলটিকে সাংবিধানিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ না থাকে।

আওয়ামী লীগের পলাতক নেতারা ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র ও বৈঠক করছেন বলেও অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি কার্যকর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের উদ্যোগ নিতে হবে।

এ সময় ডিসেম্বরের মাঝামাঝি সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করা এবং এর সুযোগে ভারতের জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়া নাগরিকদের বাংলাদেশে পাঠানোর ষড়যন্ত্র চলছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ তোলেন তিনি। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সীমান্তে পাহারা দেওয়ার আহ্বান জানান।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে রাশেদ খান বলেন, তাঁরা ভারতের সঙ্গে সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চান, যুদ্ধ নয়, শান্তি চান। তবে কোনো দেশের আধিপত্যবাদ বা আগ্রাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। একাত্তর, নব্বই ও ২০২৪ সালের আন্দোলন-অভ্যুত্থানের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বড় রাষ্ট্র হিসেবে কেউ বাংলাদেশের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে জনগণ তা প্রতিহত করবে।

আওয়ামী লীগের কথিত নাশকতা ও বিদেশি আগ্রাসন মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি। রাশেদ খান জানান, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে ঐক্য থাকা জরুরি।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ওঠা সমালোচনার জবাবও দেন তিনি। রাশেদ খানের দাবি, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালালে পাঁচ শতাধিক সাধারণ মানুষ হত্যার পরিস্থিতি তৈরি করে সরকারকে আন্তর্জাতিকভাবে দায়ী করার একটি ফাঁদ পাতা হয়েছিল। সরকার সেই ফাঁদে পা দেয়নি বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ সরকারের সমালোচকদের উদ্দেশে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাশেদ খান। তাঁর ভাষ্য, সরকারে থাকার কারণে অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক বিরোধের চেয়ে জাতীয় ঐক্য বেশি গুরুত্বপূর্ণ।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মকাণ্ড এবং গোপালগঞ্জের সহিংসতার খবর সরাসরি সম্প্রচার বা কৌশলে প্রচারের ক্ষেত্রে সাংবাদিকতার নৈতিকতা অনুসরণ করা হচ্ছে কি না, তা বিবেচনার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন এমন ব্যক্তিদের সঙ্গে টেলিভিশন টক শোতে অংশ না নেওয়ার অবস্থানও পুনর্ব্যক্ত করেন।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ ১২-দলীয় জোটের নেতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন