- ২৩ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। গাজীপুর
ঘন কুয়াশায় ঢাকা ভোরে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ মাওনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা আবদুল জলিল।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে, ভোর ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত চলে এই কর্মসূচি। ঘন কুয়াশার মধ্যে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর উত্তর পাশ থেকে মিছিলটি শুরু হয়। পরে উড়ালসেতুর দক্ষিণ পাশে গিয়ে শেষ হয় মিছিল। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন দলটির নেতারা।
কর্মসূচিতে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় আবদুল জলিল কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান। ঘন কুয়াশা ও ভোরের প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে উপস্থিত হওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যও দেন এই আওয়ামী লীগ নেতা।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের এমন কর্মসূচি এবং এতে আবদুল জলিলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তাঁর অবস্থান সম্পর্কে পুলিশের কাছেও প্রশ্ন উঠেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে মিছিলের বিষয়টি জানার পর তাঁরা খোঁজখবর নিয়েছেন। তবে পাওয়া তথ্য অনুযায়ী, আবদুল জলিল দেশে নেই বলে জানানো হচ্ছে। তাহলে তিনি কীভাবে মিছিলে নেতৃত্ব দিলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এরপরও তাঁকে খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।