- ২২ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।
বার্তায় সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর এনসিপি তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সোমবার দলটির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।
সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বার্তায় এনসিপির অবস্থানও তুলে ধরেন তিনি। সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করাকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে দেখতে চায় এনসিপি।
দলটির মতে, এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের মধ্য দিয়েই জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা সম্ভব।
প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠকে প্রতিনিধি দলের সদস্য কারা থাকবেন এবং আলোচনার নির্দিষ্ট বিষয়গুলো কী হবে, সে বিষয়ে বার্তায় বিস্তারিত জানানো হয়নি।