Sunday, November 22, 2026

ফেসবুকে সরকার পতনের পোস্ট, নড়াইলের যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার


ছবিঃ নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ফেসবুকে সরকার পতন নিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। টুঙ্গিপাড়ার নাশকতায় জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

ওসি মো. হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারের দিনও পাপিয়া তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সরকার পতন নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি গ্রেফতার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০% পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে।’

এ ছাড়া তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নের আপসহীন’সহ বিভিন্ন রাজনৈতিক বক্তব্যসংবলিত পোস্ট পাওয়া গেছে বলে জানান ওসি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পাপিয়া সুলতানা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে টুঙ্গিপাড়ার নাশকতার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ এবং গ্রেপ্তারের বিষয়ে পাপিয়া সুলতানা বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন