Monday, November 23, 2026

রাজনৈতিক ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি


ফাইল ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য জোরদার এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলোর মধ্যে সমঝোতা তৈরির উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।

বেলা ১টায় শুরু হওয়া বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন সিএফ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। দলটির মতে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদ ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে দলগুলোর অভিন্ন অবস্থান প্রয়োজন।

এর আগে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলগুলোর পক্ষ থেকেও তাঁর এই উদ্যোগে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

চলমান আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিরোধী দলগুলো জাতীয় ঐক্যের উদ্যোগে অংশ নেওয়ার পাশাপাশি সনদ বাস্তবায়নে সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় ঐক্যের এই উদ্যোগ কতটা কার্যকর হয় এবং জুলাই জাতীয় সনদসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে দলগুলোর মধ্যে কী ধরনের সমঝোতা তৈরি হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন