Tuesday, July 28, 2026

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক


ছবিঃ তানিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী সোহাগ ওরফে জুলহাস (২৭) নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তানিয়ার স্বামী সোহাগ ঘরের চাবি তার মামাতো শ্যালিকা নাছিমার কাছে দিয়ে জানান, তানিয়া সকাল সাতটার দিকে গার্মেন্টসে কাজে চলে গেছেন। এরপর তিনি নিজেও সেখান থেকে চলে যান।

পরে বেলা সাড়ে ১১টার দিকে নাছিমা ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করলে তানিয়াকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত তানিয়া আক্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পূর্বশেতা এলাকার শাহ আলমের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে সিদ্ধিরগঞ্জে বসবাস করতেন।

ঘটনার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ সবদিক খতিয়ে দেখছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা থাকলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন