Tuesday, July 28, 2026

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


ছবিঃ জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফেনী

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬৮ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চকলেট এবং একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব পণ্য জব্দের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জুলাই) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়। অভিযানের একপর্যায়ে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তের পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার হওয়া মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্তকে নিরাপদ রাখতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও পণ্য চোরাচালান এবং সীমান্তপথে সংঘটিত অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান ও সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন