- ২৫ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘সেকেন্ড স্ট্রেংথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর সাবপ্রোগ্রাম-২ এর আওতায় এই অর্থায়ন দেওয়া হবে। এর মাধ্যমে দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির দক্ষতা, আওতা এবং কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোয় উন্নীত করতে সহায়তা করবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী—বিশেষত নারীদের সুরক্ষা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতায় অবদানভিত্তিক নতুন সামাজিক সুরক্ষা স্কিম চালুর পরিকল্পনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে সরকারি ব্যয়ের চাপ কমাতে সহায়ক হবে। পাশাপাশি বিদ্যমান বিধবা ভাতা কর্মসূচির আওতা সম্প্রসারণ করে অতিরিক্ত আড়াই লাখ নারীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া জলবায়ু সহনশীল কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানভিত্তিক সামাজিক সুরক্ষা আরও জোরদার করা হবে। বাংলাদেশ ব্যাংক-এর পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার অন্তত ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ক্ষুদ্র পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি, নারীর কর্মসংস্থান সম্প্রসারণ এবং দারিদ্র্য হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।