- ২৫ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
রিয়াল মাদ্রিদ আবারও পয়েন্ট হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে কঠিন অবস্থায় পড়েছে। রিয়াল বেটিস-এর বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি দলটি।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে বেটিসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ১৭ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র গোল করে দলকে লিড এনে দেন। তবে সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের শেষদিকে বেটিসের পক্ষে সমতাসূচক গোল করেন হেক্টর বেলেরিন। তার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
পুরো ম্যাচে তুলনামূলকভাবে এগিয়ে ছিল স্বাগতিক বেটিস। বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখিয়ে তারা ৫২ শতাংশ পজেশন ধরে রাখে। এছাড়া ১৯টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে রিয়াল ১২টি শট নিলেও তার মধ্যে ৮টি লক্ষ্যে ছিল।
এই ড্রয়ের ফলে লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে তাদের সংগ্রহ ৭৪ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ কম খেলে বার্সেলোনা ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।
এ অবস্থায় শিরোপা জিততে হলে বাকি ম্যাচগুলোতে রিয়ালকে নির্ভুল পারফরম্যান্স দেখাতে হবে, পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।