Tuesday, November 24, 2026

নারী বিশ্বকাপে ইতিহাস, প্রথমবার চার দেশের আয়োজনে ২০৩১ সালের আসর


ছবিঃ নারী বিশ্বকাপ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

নারী ফুটবল বিশ্বকাপের আয়োজনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফিফা। প্রথমবারের মতো চারটি দেশ যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপের একটি আসর। ২০৩১ সালের নারী বিশ্বকাপের স্বাগতিক হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা।

শুধু ২০৩১ সালেই নয়, পরবর্তী আসরেও থাকছে বহুজাতিক আয়োজনের নজির। ২০৩৫ সালের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে বসবে ফুটবলের এই বৈশ্বিক প্রতিযোগিতা।

সোমবার (২৩ নভেম্বর) ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ ও ২০৩৫ সালের নারী বিশ্বকাপের আয়োজক নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। প্রতিদ্বন্দ্বী কোনো প্রস্তাব না থাকায় দুটি আয়োজনই সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয়।

২০৩১ সালের আসরটি হবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত তৃতীয় নারী বিশ্বকাপ। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৫ সালে কানাডায় বসেছিল এই প্রতিযোগিতা। তবে চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আয়োজক দেশগুলোর মধ্যে সাংগঠনিক সহযোগিতা ও ভেন্যু ব্যবস্থাপনায় নতুন অভিজ্ঞতা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ২০৩৫ সালের আসরের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর যুক্তরাজ্যে ফিরবে নারী ফুটবল বিশ্বকাপ। চারটি অঞ্চলে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা থাকায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরের দর্শকেরা সরাসরি বিশ্বকাপের ম্যাচ উপভোগের সুযোগ পাবেন।

এর আগে ২০২৭ সালের নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল। আগামী ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওই আসর। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় বসবে নারী ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। ২০২৭ সালের আসরে অংশ নেবে ৩২টি দল।

সব মিলিয়ে ২০২৭ থেকে ২০৩৫ পরপর তিনটি বিশ্বকাপকে ঘিরে নারী ফুটবলের বৈশ্বিক আয়োজন আরও বিস্তৃত হতে যাচ্ছে। নতুন নতুন অঞ্চলে প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটবলের জনপ্রিয়তা ও আন্তর্জাতিক পরিসর বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন