- ২৩ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। তবে ম্যাচ দুটি ফিফার নির্ধারিত আন্তর্জাতিক বিরতির বাইরে আয়োজনের প্রস্তাব দেওয়ায় এখনই আমন্ত্রণ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত শনিবার বাফুফের জাতীয় দল কমিটির সভায় কিরগিজস্তানের এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তবে জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে কি না এবং ঘরোয়া ফুটবল লিগের সূচিতে কী ধরনের প্রভাব পড়বে, তা বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন।
বিষয়টি নিশ্চিত করে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমকে বলেন, কিরগিজস্তানের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়া গেছে। নির্ধারিত সময়ে যে খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা সম্ভব হবে, তাঁদের নিয়েই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাফুফে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ঘরোয়া লিগ ও এর সূচি পর্যালোচনা করা প্রয়োজন।
আমন্ত্রণ গ্রহণ করলে কয়েক দিনের জন্য স্থগিত রাখতে হতে পারে বাংলাদেশ ফুটবল লিগের খেলা। পাশাপাশি ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে ম্যাচ হওয়ায় জাতীয় দলের গুরুত্বপূর্ণ কয়েকজন প্রবাসী ফুটবলারকে পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাঁদের মধ্যে হামজা চৌধুরী, সামিত সোম ও ফারহান আলী ওয়াহিদের নাম রয়েছে। ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে সম্মত না হলে তাঁদের ছাড়াই দল গঠন করতে হতে পারে বাংলাদেশকে।
এদিকে চলমান ঘরোয়া মৌসুমে আবারও বিরতি তৈরি হলে তা নিয়ে নতুন করে জটিলতা দেখা দিতে পারে। সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের অংশগ্রহণের কারণে প্রায় এক মাস বন্ধ ছিল ঘরোয়া ফুটবল লিগ। সেই বিরতির পর প্রতিযোগিতাগুলো আবারও নিয়মিত সূচিতে ফেরানোর চেষ্টা চলছে।
এ অবস্থায় কিরগিজস্তানের প্রস্তাব গ্রহণ করলে জাতীয় দলের প্রস্তুতির সুযোগ তৈরি হলেও লিগের সূচি ও ক্লাবগুলোর সঙ্গে সমন্বয়ের বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব দিক বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বাফুফে।