- ২৬ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত দ্বৈরথ লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। দীর্ঘ সময় ধরে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এই লড়াই শুধু ফুটবলকে আকর্ষণীয়ই করেনি, দুজনের পারফরম্যান্সের মান বাড়ানোর পাশাপাশি ক্যারিয়ার দীর্ঘ করতেও ভূমিকা রেখেছে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, মেসি ও রোনালদো পরস্পরের জন্য বড় অনুপ্রেরণা ছিলেন। কে বেশি গোল করবেন, কে বেশি শিরোপা জিতবেন এমন প্রতিযোগিতা দুজনকেই নিয়মিত নিজেদের ছাড়িয়ে যাওয়ার তাগিদ দিয়েছে।
গার্দিওলার মতে, একে অপরের উপস্থিতি ছাড়া এত দীর্ঘ সময় সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করা তাদের জন্য কঠিন হতো। প্রতিপক্ষের সাফল্য দেখে দুজনের মধ্যেই আরও ভালো করার এবং বেশি কিছু অর্জনের আকাঙ্ক্ষা তৈরি হতো।
রোনালদোর জয়ের নেশা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার প্রশংসাও করেন গার্দিওলা। তার মতে, পর্তুগিজ এই তারকার কাছে জেতা এবং নিজের সামর্থ্য প্রমাণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই পা ও মাথা সবকিছু ব্যবহার করে গোল করার অসাধারণ দক্ষতা রয়েছে তার।
অন্যদিকে, মেসির ধারাবাহিকতাকে বিশেষভাবে উল্লেখ করেছেন স্প্যানিশ এই কোচ। বার্সেলোনায় চার বছর আর্জেন্টাইন তারকাকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তুলে ধরে গার্দিওলা জানান, অনুশীলনেও মেসির প্রতিযোগিতামূলক মানসিকতা ছিল স্পষ্ট। তার কোচিংয়ের সময় মেসিকে কোনো অনুশীলন বাদ দিতে দেখেননি বলেও জানান তিনি।
গার্দিওলা বলেন, প্রতি তিন দিন পরপর ম্যাচে হ্যাটট্রিক করা কিংবা তিনটি গোলে সহায়তা করার মতো ধারাবাহিকতা ধরে রাখা খুব কম খেলোয়াড়ের পক্ষেই সম্ভব। টানা ১৫ থেকে ২০ বছর এমন উচ্চমানের পারফরম্যান্স বজায় রাখা প্রায় অসম্ভব বলেও মনে করেন তিনি।
মেসির মানসিকতার সঙ্গে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের তুলনাও টেনেছেন গার্দিওলা। তার ভাষায়, দুজনের মধ্যেই সবার সেরা হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল।
মেসি ও রোনালদো এখন পর্যন্ত সম্মিলিতভাবে ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন। একসময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে তাদের মুখোমুখি লড়াই স্প্যানিশ ফুটবলের অন্যতম বড় আকর্ষণে পরিণত হয়েছিল। সে সময় বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন গার্দিওলা।
তার অধীনে চার মৌসুমে বার্সেলোনা ১৪টি শিরোপা জেতে। এর মধ্যে ছিল দুটি চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি লা লিগা শিরোপা। সেই সময়ের অভিজ্ঞতা থেকেই মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা কীভাবে দুজনকে আরও এগিয়ে নিয়েছে, তা তুলে ধরেছেন এই কোচ।