Saturday, April 25, 2026

জ্বালানি সংকটে দর্শকশূন্য পিএসএল, শুধু ফাইনালে মিলছে দর্শক প্রবেশের অনুমতি


ছবিঃ এক ফ্রেমে পিএসএলের ৮ দলের অধিনায়করা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগ-এর চলমান আসরেও। টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তির মুখে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পুরো টুর্নামেন্টই দর্শকবিহীনভাবে আয়োজনের পরিকল্পনা ছিল।

তিনি জানান, এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ-এর সঙ্গে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী একদিকে জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধ বিবেচনায় ফাইনালে দর্শক উপস্থিতির অনুমতি দেন।

চলতি পিএসএলের ১১তম আসর শুরু হয় ২৬ মার্চ। মোট ৮টি দল নিয়ে ৪৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল দেশের ছয়টি ভেন্যুতে। তবে জ্বালানি সংকটের কারণে ম্যাচের ভেন্যু সীমিত করে লাহোর ও করাচিতে নিয়ে আসা হয়।

এমন সিদ্ধান্তে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তাদের মতে, দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করলে টুর্নামেন্টের আকর্ষণ ও আর্থিক দিক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।

বর্তমানে টুর্নামেন্টের ফাইনালসহ আরও ৮টি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে কেবল ফাইনাল ম্যাচেই দর্শকদের উপস্থিতি থাকছে, যা নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন