- ২৫ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা-কে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। তাদের প্রত্যেককে ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে লেভেল–১ আচরণবিধি ভঙ্গের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ক্রিকেটারের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নাহিদা আক্তার আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারায় আউট হওয়ার পর প্রতিপক্ষকে উদ্দেশ করে অবমাননাকর বা উসকানিমূলক আচরণ করা নিষিদ্ধ। ম্যাচ চলাকালে শ্রীলঙ্কার অধিনায়ক আউট হওয়ার পর নাহিদার আচরণ এই নিয়মের পরিপন্থী বলে বিবেচিত হয়।
অন্যদিকে শারমিন সুলতানা ২.৮ ধারা ভঙ্গ করেন, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত। এলবিডব্লিউ আউটের সিদ্ধান্তের পর তিনি ব্যাট দেখিয়ে অসন্তোষ জানান এবং মাঠ ছাড়তে দেরি করেন।
ম্যাচে শ্রীলঙ্কা চার উইকেটের জয় পেয়ে সিরিজে সমতা ফেরায়। তবে খেলার পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের আচরণও আলোচনায় আসে।
আইসিসি জানায়, দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।