- ২৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ডলারের বাজারে অস্থিরতা কমাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সরাসরি ডলার বিক্রির পথ থেকে সরে এসে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে টাকা-ডলার সোয়াপের মাধ্যমে বাজারে ডলারের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ১২৫ টাকার মধ্যে ধরে রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকাররা।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
টাকা-ডলার সোয়াপ হলো কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য টাকা ও ডলার অদলবদলের একটি ব্যবস্থা। চুক্তির মেয়াদ শেষে পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী সুদসহ সংশ্লিষ্ট মুদ্রা ফেরত দিতে হয়। এর মাধ্যমে ব্যাংকগুলো সাময়িকভাবে ডলারের জোগান পেতে পারে।
ব্যাংকারদের ভাষ্য, সরকারি ঋণপত্রের (এলসি) দায় পরিশোধ করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো এখন বাড়তি চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে সোয়াপের মাধ্যমে ডলারের সরবরাহ বাড়িয়ে বাজারে সাময়িক স্বস্তি ফেরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ উদ্যোগের প্রভাব দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তাদের।
বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে, বাজারে ডলারের চাহিদা এখনো বেশি। বুধবার কয়েকটি ব্যাংক এগ্রিগেটরদের কাছ থেকে প্রতি ডলার ১২৫ টাকা ২০ পয়সা থেকে ১২৫ টাকা ৩০ পয়সা দরে রেমিট্যান্সের ডলার কিনেছে।
ব্যাংকারদের মতে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার দায় পরিশোধ করতে হবে ব্যাংকগুলোকে। বিশেষ করে পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরকারি এলসির অর্থ পরিশোধকে কেন্দ্র করে ডলারের চাহিদা বেড়েছে। এ চাপ সামাল দিয়ে বিনিময় হার ১২৫ টাকার মধ্যে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর অধিকাংশের নেট ওপেন পজিশন (এনওপি) ইতিবাচক থাকার পরও বাজারে ডলারের দাম বেশি রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর অর্থ হতে পারে, কিছু ব্যাংক প্রয়োজনের তুলনায় বেশি ডলার নিজেদের কাছে ধরে রাখছে।
চলতি অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতেও ডলারের বিনিময় হার প্রত্যাশিতভাবে কমেনি। এ কারণে আপাতত রিজার্ভ থেকে সরাসরি ডলার বিক্রি না করে সোয়াপ ব্যবস্থার মাধ্যমে বাজারে ডলারের জোগান বাড়ানোর কৌশল নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য টাকা-ডলার সোয়াপ ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থায় সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য মুদ্রা অদলবদল করা যায়।
বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। অন্যদিকে, জুলাই থেকে অক্টোবর এই চার মাসে রেমিট্যান্স ও রপ্তানি আয় মিলিয়ে এসেছে ২৮ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। একই সময়ে আমদানি ব্যয় ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
ডলারের সরবরাহ ও চাহিদার এই চাপের মধ্যে সোয়াপ ব্যবস্থার মাধ্যমে বাজার কতটা স্থিতিশীল রাখা যায়, এখন সেটিই দেখার বিষয়।