- ২৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ হারাচ্ছেন কর্মরত সচিব ও সমমর্যাদার কর্মকর্তারা। সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই বিধিনিষেধ কার্যকর হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অন্তত এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী প্রার্থীকে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনায় রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সুশাসন, দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের নতুন নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে নিয়োগের যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, মেয়াদ, বাছাইপ্রক্রিয়া এবং পরিচালকদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, পরিচালনা পর্ষদে বিভিন্ন পেশা ও বিশেষজ্ঞ জ্ঞানের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার রাখার কথা বলা হয়েছে।
চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। পাশাপাশি প্রশাসন, ব্যবস্থাপনা কিংবা সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ দক্ষতা ও উল্লেখযোগ্য কর্ম-অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
নতুন নীতিমালায় পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদ সর্বোচ্চ তিন বছর নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতি দিয়ে আবার নিয়োগ বা মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে আগের মেয়াদে তাঁর কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের রেকর্ড বিবেচনা করা হবে। একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালনও নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য সরকারের বিশেষ নির্দেশনা বা আইনি বাধ্যবাধকতা থাকলে এ নিয়মে ব্যতিক্রম হতে পারে।
পর্ষদে নারী প্রতিনিধিত্বের পাশাপাশি অর্থনীতি, ব্যাংকিং, অর্থায়ন, আর্থিক ও পুঁজিবাজার, মুদ্রানীতি, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, ব্যবসায় শিক্ষা, কৃষি, শিল্প, আইন এবং তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধানও অনুসরণ করতে হবে।
স্বার্থের সংঘাত এড়াতে কয়েকটি শ্রেণির ব্যক্তিকে নিয়োগের বাইরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। একইভাবে গত পাঁচ বছরের মধ্যে এসব পদে দায়িত্ব পালন করেছেন—এমন ব্যক্তিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পর্ষদে নিয়োগ বা মনোনয়নের যোগ্য হবেন না। প্রার্থীর সঙ্গে প্রতিষ্ঠানের স্বার্থের সংঘাত থাকলেও তাঁকে বিবেচনায় নেওয়া যাবে না।
চেয়ারম্যান ও পরিচালক নির্বাচনের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সভাপতি করে ছয় সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব, অর্থ বিভাগের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অধিশাখা ও শাখার কর্মকর্তারা থাকবেন। কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাছাই কমিটি প্রার্থীদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা এবং নৈতিকতা যাচাই করবে। এ জন্য ‘ফিট অ্যান্ড প্রপার টেস্ট’, গোয়েন্দা প্রতিবেদন এবং ঋণসংক্রান্ত ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য পর্যালোচনা করা হবে। পুনর্নিয়োগের ক্ষেত্রেও আগের দায়িত্ব পালনের রেকর্ড যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে।
কমিটির সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এবং পরিচালক নিয়োগের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন নিতে হবে। অর্থাৎ নির্ধারিত বাছাইপ্রক্রিয়া শেষ হওয়ার পরই চূড়ান্ত নিয়োগ বা মনোনয়নের সিদ্ধান্ত কার্যকর হবে।
পরিচালনা পর্ষদের দায়িত্ব ও ক্ষমতার ক্ষেত্রেও স্পষ্ট সীমারেখা নির্ধারণ করেছে নতুন নীতিমালা। ব্যাংকের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে পর্ষদের ওপর। তবে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক ও পরিচালনাগত কাজে পর্ষদ সদস্যরা হস্তক্ষেপ করতে পারবেন না।
পরিচালকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকিং বিধিবিধান, মানিলন্ডারিং প্রতিরোধ, করপোরেট সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের প্রশিক্ষণ নিতে হবে। পরিচালকদের দায়িত্ব, কর্তব্য ও সম্মানীর ক্ষেত্রে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।
নীতিমালার আওতায় থাকবে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং সম্মিলিত ইসলামী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো। এ ছাড়া সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনও এর আওতাভুক্ত হবে।
নতুন নীতিমালার মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও জবাবদিহিকে গুরুত্ব দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। বিশেষ করে নারী প্রতিনিধিত্ব বাড়ানো, স্বার্থের সংঘাত কমানো এবং পরিচালকদের দায়িত্বের সীমা নির্ধারণের বিধান ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এসব নির্দেশনা বাস্তবে কতটা কার্যকরভাবে প্রয়োগ করা হয়, তার ওপরই নির্ভর করবে প্রত্যাশিত পরিবর্তনের সাফল্য।